মাথাভাঙ্গা, ৬ জুন
আবাস যোজনা এবং পাওয়ার গ্রিড প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের হাজরাহাট এলাকায়। অভিযোগের তির উঠেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। শনিবার এলাকাবাসীর একাংশ তৃণমূলের ব্লক সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অর্থ ফেরতের দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাথাভাঙ্গা ১(বি) ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর রায় বিশ্বাস-এর পরিবারের বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। অভিযোগ, ২০১৭ সালে তাঁর স্ত্রী গ্রাম পঞ্চায়েতের প্রধান থাকাকালীন পাওয়ার গ্রিড প্রকল্পের ক্ষতিপূরণের টাকা প্রকৃত জমির মালিকদের না দিয়ে ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে তুলে দেওয়া হয়েছিল।
এছাড়াও অভিযোগ উঠেছে, জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করে দেওয়ার নাম করে ব্লক সভাপতির ভাই সর্বানন্দ বিশ্বাস বহু মানুষের কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছেন। বিক্ষোভকারীদের আরও দাবি, রাজনৈতিক কারণে বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনাতেও তাঁর নাম জড়িয়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্ত অভিযোগ সামনে এলেও কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়েই তারা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের টাকা ফেরতের দাবিতে সরব হন স্থানীয় বাসিন্দারা।
এদিন বিক্ষোভকারীরা বর্তমান হাজরাহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপা সরকার-এর পদত্যাগের দাবিও তোলেন। উল্লেখ্য, রূপা সরকার সর্বানন্দ বিশ্বাসের স্ত্রী। বিক্ষোভকারীদের অভিযোগ, অনিয়মের অভিযোগের যথাযথ জবাব না দিয়ে প্রশাসন ও পঞ্চায়েত কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যাচ্ছে।
তবে যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা কেউই এদিন বাড়িতে উপস্থিত ছিলেন না। ফলে অভিযোগের বিষয়ে তাঁদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগগুলির সত্যতা তদন্তসাপেক্ষ হলেও, এই ঘটনাকে ঘিরে হাজরাহাট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে প্রকৃত তথ্য সামনে আনা হোক এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

