শিলিগুড়ি,৪ জানুয়ারী :
চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি রাজ্য সরকারের বিষয়—অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ রাজু বিস্তার।কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মানসুখ মান্ডাভিয়া রবিবার চারটি শ্রম আইন (Four Labour Codes)-এর সুফল নিয়ে বক্তব্য রাখেন। ভারতীয় চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক অধিবেশনে তিনি বলেন, নতুন শ্রম আইন কার্যকর হলে চা শ্রমিকদের সামাজিক সুরক্ষা, ন্যূনতম মজুরি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও সুবিধা মিলবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। তিনি এই মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। সম্প্রতি আলিপুরদুয়ার জেলায় চা শ্রমিকদের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, তৃণমূল ক্ষমতায় এলে এক মাসের মধ্যেই ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হবে এবং চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করা হবে।
এই প্রসঙ্গে রাজু বিস্তা বলেন, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের বিষয়। কেন্দ্র সরকার শ্রমিক কল্যাণে বিভিন্ন প্রকল্প চালু করলেও মজুরি নির্ধারণের দায়িত্ব রাজ্য সরকারের হাতেই রয়েছে।উল্লেখ্য, শনিবার আলিপুরদুয়ার জেলায় চা শ্রমিকদের সঙ্গে এক সভায় এই বক্তব্য দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

