শিলিগুড়ি, ১৮ এপ্রিল :
মাথাভাঙ্গায় শোভাযাত্রা করতে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরবঙ্গকে “উত্তর বিহার” বলে মন্তব্য করাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই ইস্যুকে সামনে রেখেই শনিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। এদিন তিনি অভিযোগ করেন, বিজেপি বাংলাকে অপমান করছে এবং বহিরাগত নেতাদের এনে রাজ্যে প্রচার চালাচ্ছে। তাঁর কথায়, “যারা বাংলা ভাষা জানেন না, তাদের দিয়েই প্রচার করানো হচ্ছে। তাই এমন ভুলভাল মন্তব্য সামনে আসছে।” সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মাটিগাড়া-নকশালবাড়ির তৃণমূল প্রার্থী শংকর মালাকার-সহ দলের অন্যান্য নেতৃত্ব। গৌতম দেব আরও বলেন, সদ্য শিলিগুড়িতে প্রচারে এসে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা স্থানীয় উন্নয়নের প্রসঙ্গ না তুলে রাজস্থানের বিষয়েই বেশি কথা বলেছেন, যা প্রমাণ করে বাংলার বিষয়ে তাদের ধারণার অভাব রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “বাংলায় কি বিজেপির নিজস্ব নেতা নেই, যে বাইরে থেকে লোক আনতে হচ্ছে?” পাশাপাশি অভিযোগ করেন, বিভিন্ন রাজ্য থেকে লোক এনে বিজেপি প্রচার চালাচ্ছে, যা বাঙালিদের প্রতি অসম্মানজনক। এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ও ফেস্টুন ছেঁড়া এবং পোড়ানোর ঘটনাতেও সরব হন গৌতম দেব। একটি ভিডিও তুলে ধরে তিনি দাবি করেন, একদল যুবক তৃণমূলের পতাকা পুড়িয়ে দিচ্ছে। এই ঘটনায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে বলেও জানান তিনি। অন্যদিকে, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর শিলিগুড়িতে পর্যটন সংক্রান্ত বৈঠক নিয়েও কটাক্ষ করেন তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, এতদিন কোনো উদ্যোগ না নিয়ে ভোটের আগে হঠাৎ এই বৈঠক করা শুধুই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

