২৪/০৪/২৬.শিলিগুড়ি
দিনের আলোয় দুঃসাহসিক প্রতারণার ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। অভিযোগ, পুলিশের পরিচয় দিয়ে এক বয়স্ক মহিলার কাছ থেকে সোনার গয়না হাতিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৯নং ওয়ার্ডের অগ্রসেন রোডে।পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ৬২-৬৩ বছর বয়সী ওই মহিলা রিকশায় করে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় পথেই ২-৩ জন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাকে আটকায়। তারা মহিলাকে বলেন, নির্বাচনের সময় নিরাপত্তার কারণে গয়না খুলে রাখতে হবে। এরপর তার গলার চেইন, হাতের চুড়ি, আঙটি সহ সমস্ত সোনার অলংকার খুলিয়ে একটি কাগজে মুড়ে দেন।
অভিযোগ, কৌশলে আসল গয়না নিয়ে তার বদলে নকল জিনিস দিয়ে দেয় দুষ্কৃতীরা। বাড়িতে পৌঁছে কাগজ খুলে দেখতেই প্রতারণার বিষয়টি বুঝতে পারেন ওই মহিলা। এরপরই তিনি চিৎকার শুরু করেন এবং পরিবারকে বিষয়টি জানান।পরিবারের দাবি, প্রায় ৫০-৬০ হাজার টাকার সোনার গয়না খোয়া গিয়েছে। ঘটনাস্থলটি অত্যন্ত ব্যস্ত এলাকা হওয়া সত্ত্বেও এ ধরনের ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে।

