ডুয়ার্স,৩০ এপ্রিল
বাড়ির পাশে হাতির থানায় মৃত্যু হল এক তরুণের। মৃত তরুণের নাম সুরজ ওরাওঁ (২৭)। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের উত্তর ধূপঝোরা মূর্তি ফরেস্ট বস্তি এলাকার ঘটনা। ঘটনায় সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ওই তরুণ বাড়ি থেকে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাইরে বের হয়। ওই সময় বৃষ্টি পড়ছিল। সেসময় পাশ্ববর্তী গরুমারা জঙ্গল থেকে বেরিয়ে এসে হঠাৎ একটি বুনো হাতি ওই তরুণের সামনে চলে আসে। হাতিটি শুড় দিয়ে ধরে তরুণকে আছার দেয়। ঘটনাস্থলেই তরুণের মৃত্যু হয়। কিছুক্ষণ পর অবশ্য হাতিটি ওই এলাকা ছেড়ে ফের জঙ্গলে চলে যায়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় বহু মানুষের ভিড় হয়। খবর পেয়ে এলাকায় পৌঁছায় মূর্তি বিট ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। সেইসাথে আসে মেটেলি থানার পুলিশও। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বনদপ্তর সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

