তুফানগঞ্জ, ৩ মে :
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। কাল সকালেই ভাগ্য নির্ধারণ হবে রাজ্যের একঝাঁক প্রার্থীর। জনসমর্থনের পাশাপাশি এবার ইশ্বরের আশীর্বাদ পেতে তুফানগঞ্জ শহরের বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরলেন তুফানগঞ্জ ৯ নং বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মালতী রাভা রায়।

রবিবার দুপুরে তুফানগঞ্জ শহরের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে পুজো দেন তিনি। মন্দির প্রাঙ্গণে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং উপস্থিত ভক্তদের সাথে কথা বলেন। মদনমোহন মন্দির ছাড়াও এলাকার আরও বেশ কিছু স্থানীয় মন্দিরে গিয়ে ইশ্বরের আশীর্বাদ নিতে দেখা যায় তাঁকে। ভোটের লড়াইয়ের ক্লান্তি কাটিয়ে ফল প্রকাশের আগের দিন নিজেকে মানসিকভাবে চাঙ্গা রাখতেই এই আধ্যাত্মিক সফর বলে মনে করা হচ্ছে।
মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসী মেজাজে ধরা দেন মালতী রাভা রায়। নির্বাচনের এই গোটা প্রক্রিয়াকে একটি পরীক্ষার সাথে তুলনা করে তিনি বলেন “সারা বছর মন দিয়ে পড়াশোনা করেছি। এখন পরীক্ষার রেজাল্ট বাক্সবন্দী হয়ে রয়েছে। আগামীকাল ভোট গণনা কেন্দ্রে সেই রেজাল্ট বেরোবে।”
নিজের জয়ের পাশাপাশি রাজ্যে দলীয় সাফল্যের বিষয়েও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মালতী দেবীর দাবি, “আগামীকাল শুধু তুফানগঞ্জ নয়, গোটা বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবে এবং বাংলায় বিজেপি সরকার গঠন করবে।”

উল্লেখ্য, আগামীকাল ৪ঠা মে সকাল থেকেই শুরু হবে ভোট গণনা। তুফানগঞ্জ কেন্দ্রের সাধারণ মানুষ কার ওপর আস্থা রেখেছেন, তা জানতে মুখিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

