ডুয়ার্স ,১২ মে
ডুয়ার্সে বন্যপ্রাণীদের হানা অব্যাহত। হাতির হানায় যখন মাঝেমধ্যেই ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘর বাড়ি। এবার চিতাবাঘের হানায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের চালসা সংলগ্ন মহাবারি দেওপানি বস্তি এলাকার ঘটনা।
জানা গেছে, সোমবার গভীর রাতে এলাকার বাসিন্দা দুর্গি সয়ের বাড়িতে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। বাড়িতে ঢুকে তিনটি ছাগলকে মেরে ফেলে। যেহেতু এলাকাটির পাশেই রয়েছে পানঝোড়া জঙ্গল। আর গতরাতে যখন মুষুলধারে বৃষ্টি পড়ছিল তখন বাড়ির সদস্যরা গভীর নিদ্রায় মগ্ন ছিলেন। এরই মধ্যে বাড়িতে থাকা ছাগলের কান্নার শব্দে টের পেয়ে বাড়ির মালিক দুর্গী উঠে এসে দেখে একটি চিতা বাঘ একটি ছাগলকে ধরেছে। এরপরে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে চিতা বাঘটি ছাগলকে রেখে পালিয়ে যায়। এরপর কাছে এসে দেখেন তিনটি ছাগল মরে রয়েছে। এলাকায় চিতা বাঘের হানা রুখতে এবং যাবতীয় ক্ষতির ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। বনদপ্তরের তরফে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

