শিলিগুড়ি , ১৮ জুলাই
তিন দিনের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে শিলিগুড়ির উত্তরকন্যায় পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুপুর ২টা থেকে শুরু হচ্ছে তাঁর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক। তিন দফায় অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্র ও রাজ্যের উচ্চপদস্থ আধিকারিক এবং জনপ্রতিনিধিরা।
বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, পরিবহনমন্ত্রী অর্জুন সিং-সহ উত্তরবঙ্গের একাধিক সাংসদ, বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকদের।
বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল দেশের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’ (সিলিগুড়ি করিডর)-এর নিরাপত্তা। পাশাপাশি ভারত-বাংলাদেশ, ভারত-নেপাল ও ভারত-ভুটান সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করার বিষয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
আইন-শৃঙ্খলা ও সীমান্ত ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
এই বৈঠককে উত্তরবঙ্গের নিরাপত্তা ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে চিকেন নেক করিডরের নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা এবং নতুন আইন কার্যকর করার রূপরেখা নির্ধারণে এই বৈঠক তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

