দিনহাটা,১৩ মে
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল পাঁচটি দোকান। বুধবার সকাল নাগাদ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটা ১ ব্লকের ওকড়াবাড়ি বাজার এলাকায়। এদিন সকালে স্থানীয় এলাকার বাসিন্দারা হঠাৎই কালো ধোয়া দেখতে পান বাজার এলাকায়। এরপরেই ছুটে এসে তারা দেখেন ওই এলাকায় থাকা একটি মিষ্টির দোকানে আগুন লেগেছে। ক্রমশ সেই আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়েছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্রে। সেখান থেকে দমকলের দুটি ইঞ্জিন এসে ঘন্টা দুয়েকের বেশি সময় ধরে প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে অগ্নিকাণ্ডের ফলে মিষ্টির দোকানে থাকা একাধিক ফ্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। স্থানীয়দের কথায় যদি দমকল সঠিক সময় না আসতো তাহলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। এদিকে অগ্নিকাণ্ডের ফলে যেমন দোকান গুলির বিভিন্ন সামগ্রি ক্ষতি হয়েছে তেমনি একটি মোটর সাইকেল পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

