কোচবিহার, ১৩ মে
শ্রম কোড বাতিলের দাবিতে বুধবার কোচবিহারে বিক্ষোভে সামিল হল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের কোচবিহার শাখার সদস্যরা। এদিন সংগঠনের পক্ষ থেকে কোচবিহার উপশ্রম মহাধ্যক্ষের দপ্তরের সামনে জড়ো হয়ে শ্রমিক বিরোধী নয়া শ্রম কোডের বিরুদ্ধে সরব হন আন্দোলনকারীরা। বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে তারা কেন্দ্র সরকারের নীতির তীব্র সমালোচনা করেন।
বিক্ষোভ চলাকালীন সংগঠনের সদস্যরা অভিযোগ করেন, নতুন শ্রম কোড কার্যকর হলে শ্রমিকদের অধিকার খর্ব হবে এবং চাকরির নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। বিশেষ করে মেডিকেল ও সেলস রিপ্রেজেন্টেটিভদের কাজের সময়সীমা, মজুরি, সামাজিক সুরক্ষা এবং ট্রেড ইউনিয়নের অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তারা।
এই আন্দোলনের অংশ হিসেবেই শ্রম কোড সংক্রান্ত সরকারি নোটিশের প্রতিলিপি আগুনে পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভস্থলে বেশ কিছুক্ষণ ধরে চলে স্লোগান ও প্রতিবাদ কর্মসূচি।

