ডুয়ার্স, ১৩ ডিসেম্বর :
ফের বন্ধ হয়ে গেল ডুয়ার্সের একটি চা বাগান, কাজ হারিয়ে সমস্যায় শ্রমিকরা। মাত্র পনেরো দিনের মজুরি বকেয়া রয়েছে। আর এই পনেরো দিনের বকেয়া মজুরের কারণেই বন্ধ হয়ে গেল চা বাগান। জানা গেছে, ডুয়ার্সের বানারহাট ব্লকের মোগলকাটা চা বাগানের শ্রমিকদের একটি পাক্ষিক মজুরি বকেয়া রয়েছে। গত সপ্তাহে সেই মজুরি পাওয়ার কথা ছিল শ্রমিকদের। কিন্তু বাগান কর্তৃপক্ষ জানিয়ে দেয়, মঙ্গলবার পাক্ষিক মজুরি দেওয়া হবে। এরপর গত মঙ্গলবারও সেই মজুরি দেওয়া হয়নি। যদিও শ্রমিকরা যথারীতি বাগানের কাজ করছিলেন। এরপর গতকাল শুক্রবার বাগানের কাজ করে মজুরির দাবিতে প্রায় চার ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান। বিক্ষোভ দেখানোর পরেও কাজ করেন শ্রমিকরা। এমনকি প্রতিদিনের মতো এদিনও কাজ করতে যান শ্রমিকরা । কিন্তু এদিন শ্রমিকরা দেখেন ম্যানেজারের বাংলোতে তালা। মালিক কর্তৃপক্ষ কিছু না জানিয়েই বাগান বন্ধ করে চলে গেছে। এদিকে বাগান বন্ধ হওয়ায় সমস্যায় পড়লেন বাগানের কয়েকশো শ্রমিক। শ্রমিকরা চান দ্রুত পাক্ষিক মজুরির ব্যবস্থা করে বাগান খুলে দেওয়ার ব্যবস্থা করা হোক। পাশাপাশি এখনো মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৪ শতাংশ বোনাস দেওয়া হয়নি বলেও দাবি শ্রমিকদের।

