দিনহাটা ১৫ মে
জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা ১ নম্বর ব্লকের গিতালদহ এলাকার কোনামুক্তায়। মৃত ব্যক্তির নাম সামাদ আলী। এই ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোনামুক্তা এলাকার একটি জমির রাস্তা ব্যবহারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকালে সেই বিরোধ ঘিরে প্রথমে বচসা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। অভিযোগ, এক পক্ষ অপর পক্ষের উপর লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
এই হামলায় বেশ কয়েকজন গুরুতর জখম হন। আহতদের দ্রুত উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সামাদ আলী নামে এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। অন্য আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সংঘর্ষে জড়িতদের খোঁজ চালানো হচ্ছে।

