জলপাইগুড়ি ,২১ মে
জলপাইগুড়ি সদর ব্লকে ভোররাতে প্রবল ঝড়বৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি; একাধিক গ্রাম পঞ্চায়েতে পরিস্থিতি বিপর্যস্ত
ভোররাতে আচমকা ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মন্ডলঘাট, খড়িয়া এবং নন্দনপুর–বোয়ালমারী গ্রাম পঞ্চায়েত এলাকা। ঝড়ের তাণ্ডবে একাধিক গাছ উপড়ে পড়ে, শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সকাল থেকেই মন্ডলঘাট এলাকার বিভিন্ন রাস্তায় গাছ পড়ে যোগাযোগ ব্যবস্থা কার্যত বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছেন, তবে যান চলাচল এখনও স্বাভাবিক হয়নি।
ঝড়ে একটি পোল্ট্রি ফার্মও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সেখানে বহু মুরগির মৃত্যু হয়েছে। এছাড়াও গরু, ছাগল ও হাঁস-মুরগির মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে খবর। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।
ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছান অনন্তদেব অধিকারী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং দ্রুত সহায়তার আশ্বাস দেন। প্রাথমিকভাবে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ত্রাণ হিসেবে প্লাস্টিক শিট সরবরাহ করা হচ্ছে।
এক ক্ষতিগ্রস্ত বাসিন্দা ললিতা সরকার রায় জানান, ভোররাতের আকস্মিক ঝড়ে মুহূর্তের মধ্যেই ঘরবাড়ি ভেঙে পড়ে এবং চারপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বিধায়ক অনন্তদেব অধিকারী বলেন, ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও স্পষ্ট নয়। বিডিও-র রিপোর্ট পাওয়ার পরই সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। আপাতত দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান।

