কোচবিহার , ৪ জুলাই
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডে। শনিবার সমীক্ষার কাজে আসা দুই মহিলা সার্ভে কর্মীকে ঘিরে বিক্ষোভে সামিল হন স্থানীয় মহিলাদের একাংশ। তাঁদের অভিযোগ, সার্ভে প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের জেরেই বহু প্রকৃত উপভোক্তা এখনও সরকারি প্রকল্পের আর্থিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
বিক্ষোভকারীদের দাবি, সমীক্ষার কাজে আসা দুই মহিলা কর্মী পূর্বে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। সেই কারণে তাঁরা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বেছে বেছে সমীক্ষা করছেন এবং সব উপভোক্তার তথ্য সমানভাবে নথিভুক্ত করছেন না। এর ফলেই বহু পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছায়নি বলে অভিযোগ তুলেছেন তাঁরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একাধিকবার বিষয়টি জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। তাই এদিন সার্ভে কর্মীরা এলাকায় পৌঁছাতেই ক্ষুব্ধ মহিলারা তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা দাবি করেন, প্রকৃত উপভোক্তাদের নাম সঠিকভাবে নথিভুক্ত করে দ্রুত বকেয়া অর্থ প্রদান করতে হবে এবং সমীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পরে টাউন বাবুও ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর নিরাপত্তার মধ্যেই সার্ভে কর্মীদের ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যাওয়া হয়।
কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের বঞ্চিত উপভোক্তাদের প্রাপ্য অর্থ দ্রুত প্রদান এবং সমীক্ষা প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত না হলে তাঁরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
যদিও বিক্ষোভকারীদের তোলা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সার্ভে কর্মী বা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

