শিলিগুড়ি,২৩ মে:
শিলিগুড়ির ২৯ নম্বর ওয়ার্ডের ইনডোর স্টেডিয়াম সংলগ্ন গৌরীয় মঠে চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৪০টি গোপাল ঠাকুরের মূর্তি সহ তামা ও পিতলের বিভিন্ন মূল্যবান বাসনপত্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২১ মে ভোরে মঠ থেকে একাধিক গোপাল ঠাকুরের মূর্তি ও মূল্যবান সামগ্রী চুরি যায়। ঘটনার পর শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নামে পুলিশ।
তদন্তে বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে প্রথমে দক্ষিণ শান্তিনগরের বাসিন্দা প্রসেনজিৎ সরকার (২৬)-কে গ্রেফতার করা হয়। পরে জেরায় উঠে আসে, চুরি হওয়া সামগ্রী রিসিভ করার ঘটনায় জড়িত রয়েছে দিলীপ সরকার (৫৪) ও পিয়াল সরকার (১৯)। অভিযুক্ত বাবা-ছেলের বাড়ি ইস্টার্ন বাইপাসের ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন এলাকায়।
পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। শনিবার তিন অভিযুক্তকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। পাশাপাশি পিয়াল সরকারকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের আবেদন জানাবে পুলিশ। তদন্তকারীদের অনুমান, জেরায় আরও চুরি যাওয়া সামগ্রীর হদিশ মিলতে পারে।

