কোচবিহার, ১৪ মে
আবারও বাঘের আতঙ্কে কাঁপল কোচবিহার। এবার ঘটনাস্থল কোচবিহার পানিশালা সংলগ্ন এলাকা। বাঘের হামলায় গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি এবং আহত হয়েছেন আরও দুইজন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকাজুড়ে।
গুরুতর আহত ব্যক্তির নাম কনক বর্মন (প্রায় ৫০)। বর্তমানে তিনি কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে কোচবিহার ১ নং ব্লকের পানিশালা অঞ্চলে আজ সকালে ঘাস কাটতে বাড়ি থেকে বের হয় কনক বর্মন সহ আরো দুজন। তারা বেরিয়ে শিয়ালের কান্নার আওয়াজ পায়। সেই আওয়াজ তাদের সন্দেহ হওয়াতে তারা সেখানে গেলে তাদের ওপর বাঘের হামলা বলে জানা গেছে।
এরপরেই তাদের চিৎকার শুনে ছুটে আসে এলাকার লোকজন। খবর দেওয়া হয় বনদপ্তরে । খবর পেয়ে ঘটনা ছুটে যায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ও বনদপ্তরের আধিকারিকরা দীর্ঘ প্রায় দু’ঘণ্টার চেষ্টায় বনদপ্তরের কর্মীরা বাঘটিকে ধরতে সক্ষম হয়
কনক বর্মনের কন্যার বক্তব্য, বাঘটি তার বাবার হাত, ঘাড়-সহ শরীরের একাধিক জায়গায় কামড় দেয়।
এই ঘটনায় আহত আরও এক ব্যক্তির নাম শ্যামল বর্মন বলে জানা গেছে। অপর আহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
দীর্ঘ চেষ্টার পর অবশেষে বাঘটিকে আটক করতে সক্ষম হয় বনদপ্তর। তবে হঠাৎ লোকালয়ে বাঘ ঢুকে পড়ায় আতঙ্কে রয়েছেন পানিশালা এলাকার বাসিন্দারা। এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবিও উঠতে শুরু করেছে।

