শিলিগুড়ি, ২৫ মে:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য ঘিরে উত্তেজনা ছড়াল খড়িবাড়িতে। এই ঘটনায় খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতৃত্ব। অভিযোগ, খড়িবাড়ির বিন্নাবাড়ি পঞ্চায়েতের দেবীগঞ্জ এলাকার বাসিন্দা মুন্না সিং সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে প্রধানমন্ত্রী ও তাঁর প্রয়াত মাকে নিয়ে অশালীন মন্তব্য করেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভের পরিবেশ তৈরি হয়।
বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার জেলা সম্পাদক অনিল কুমার রায়-সহ একাধিক বিজেপি নেতা-কর্মী অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপের দাবি জানান। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও এক সহযোগীকেও আটক করেছে পুলিশ। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ।

