মাথাভাঙ্গা ,৪ আগস্ট
আবারও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে শীতলকুচি। এবার আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এক তৃণমূল কংগ্রেস নেতাকে প্রকাশ্যে অপদস্থ করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে শীতলকুচি বিধানসভার অন্তর্গত মাথাভাঙা–১ নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের চাটামপাড়া এলাকায়। ঘটনাকে ঘিরে মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।
অভিযোগ, চাটামপাড়া এলাকার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি অতুল বিশ্বাসের বিরুদ্ধে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে একাধিক গ্রামবাসীর কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে টাকা ফেরতের প্রতিশ্রুতি দিলেও তিনি সেই টাকা ফেরত দেননি। এই অভিযোগেই ক্ষুব্ধ হয়ে একদল গ্রামবাসী তাকে বাড়ি থেকে বের করে কোমরে দড়ি বেঁধে, গলায় জুতার মালা পরিয়ে এবং মাথার অর্ধেক অংশ ন্যাড়া করে গোটা এলাকায় ঘোরায় বলে অভিযোগ।
ঘটনার সময় এলাকায় বিজেপির পতাকা দেখা যায়, যা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, কাউকে এভাবে অপদস্থ করা সমর্থনযোগ্য নয় এবং এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সাংগঠনিক বা দলীয় কর্মী জড়িত নন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক ভিড় জমে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ দেখা দেয়।
তবে অভিযোগের বিষয়ে তৃণমূল নেতা অতুল বিশ্বাসের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই ঘটনায় কোনও আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি।
যদিও বিজেপি নেতা বিপিন বর্মনের দাবি এটি একটি অনৈতিক কাজ, দল এই কাজকে কোনো ভাবেই সমর্থন করে না। যদি কেউ এইরকম অনৈতিক কাজ করে থাকে তবে দল তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে।৪ তারিখের পর যারা বিজেপি হয়েছে বিজেপিকে কালিমা লিপ্ত করতে তারাই এই ধরনের ঘটনা ঘটাতে পারে বলেও দাবি করেন তিনি।

