শিলিগুড়ি, ২৬ মে:
শিলিগুড়ি শহরের যানজট নিয়ন্ত্রণ ও পথচলতি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবার কড়া অবস্থানে নামল জলপাই মোড় ট্রাফিক গার্ড। মঙ্গলবার মহাবীর স্থান এলাকায় বিশেষ অভিযান চালায় ট্রাফিক পুলিশ। মূলত যত্রতত্র টোটো পার্কিং এবং রাস্তার ওপর দোকান বসিয়ে ব্যবসা করার বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়।
এদিন দেখা যায়, মহাবীর স্থান সংলগ্ন বিভিন্ন রাস্তায় বহু টোটো এলোমেলোভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে, যার ফলে যান চলাচলে সমস্যা তৈরি হচ্ছিল। পাশাপাশি রাস্তার একাংশ দখল করে কিছু ব্যবসায়ী দোকান বসানোয় পথচারীদেরও সমস্যায় পড়তে হচ্ছিল।
অভিযানে নেমে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে প্রথমে ব্যবসায়ী ও টোটো চালকদের সতর্ক করা হয়। রাস্তার ওপর দোকান না বসানো এবং নির্দিষ্ট স্থানে টোটো পার্কিং করার নির্দেশ দেওয়া হয়। যদিও মঙ্গলবার কাউকে জরিমানা করা হয়নি, শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জলপাই মোড় ট্রাফিক গার্ডের এক আধিকারিক জানান, শহরের ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। বারবার সতর্ক করার পরেও যদি কেউ নিয়ম ভঙ্গ করেন, তাহলে আগামী দিনে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।
পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীদের একাংশ।ব্যবসায়ী জয় প্রকাশ বলেন, দীর্ঘদিন ধরেই মহাবীর স্থান এলাকায় অবৈধ পার্কিং ও রাস্তা দখল করে ব্যবসার কারণে নিত্যদিন সমস্যার সৃষ্টি হচ্ছিল। পুলিশের নিয়মিত নজরদারিতে পরিস্থিতির উন্নতি হবে বলেই আশাবাদী তারা।

