শিলিগুড়ি, ২৭ মে:
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে বুধবার ট্রাফিক সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনারেটের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। শহরের ক্রমবর্ধমান যানজট ও সাধারণ মানুষের ভোগান্তি কমানোর বিষয়কে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা হয়। সাধারণত বিভিন্ন প্রশাসনিক বৈঠকে পুলিশ আধিকারিকদের নেতা-মন্ত্রীদের সঙ্গে দেখা করতে যেতে দেখা যায়। তবে এবার ব্যতিক্রমী ছবি দেখা গেল শিলিগুড়িতে। মানুষের সমস্যা ও শহরের ট্রাফিক পরিস্থিতি নিয়ে সরাসরি পুলিশ কমিশনারেটে পৌঁছান বিধায়ক। সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে শহরের বর্তমান পরিস্থিতি এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আগামী তিন মাসের মধ্যে ট্রাফিক সমস্যার সমাধানে একাধিক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। যানজট নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে নতুন কিছু পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।

