ফুলবাড়ি , ৬ জুন
আধুনিক প্রযুক্তির যুগেও পুরনো কায়দায় সিঁদ কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফুলবাড়ি এলাকায়। ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জোড়পাকুড়ি এলাকায় একটি নির্মীয়মাণ ভবনের শ্রমিকদের থাকার ঘরে সিঁদ কেটে ঢুকে ৯টি মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জোড়পাকুড়ি এলাকায় একটি নির্মীয়মাণ ভবনের কাজে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০ থেকে ২২ জন শ্রমিক সেখানে এসেছিলেন। কাজের সুবিধার জন্য ভবনের পাশেই একটি বড় ঘরে তাঁরা একসঙ্গে থাকতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে কাজ শেষ করে তাঁরা ঘরে ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
শুক্রবার সকালে ঘুম থেকে উঠে শ্রমিকরা দেখতে পান, তাঁদের একাধিক মোবাইল ফোন নিখোঁজ। খোঁজাখুঁজি শুরু করার পর তাঁরা বুঝতে পারেন মোট ৯টি মোবাইল ফোন চুরি হয়েছে। এরপর ঘরের চারপাশ পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, ঘরের একটি অংশে সিঁদ কেটে ভিতরে প্রবেশ করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সিঁদ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত শ্রমিকদের অজান্তেই মোবাইল ফোনগুলি চুরি করে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। আশপাশের এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি চুরির ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

