শিলিগুড়ি, ২৮ মে:
শিলিগুড়ির ২ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনি এলাকায় জমি সংক্রান্ত বিরোধ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় এক বাসিন্দা বিজেপি নেতা প্রদীপ চৌধরীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছেন।
বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে সুবর্ণা সাহা নামে এক মহিলা জানান, ২০১২ সালে তাঁদের জমি ব্যবসার উদ্দেশ্যে ভাড়ায় নেওয়া হয়েছিল। অভিযোগ, নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও সেই জমি ফেরত দেওয়া হয়নি। পাশাপাশি তাঁর দাবি, জাল নথি তৈরি করে জমির মালিকানা দখলের চেষ্টা করা হয়েছে।
সুবর্ণা সাহার অভিযোগ, বিষয়টি নিয়ে আপত্তি জানাতে গেলে তাঁদের বিভিন্নভাবে চাপ ও হুমকির মুখে পড়তে হয়েছে। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে আইনি লড়াই শুরু হয়েছে এবং দুই পক্ষই আদালতের দ্বারস্থ হয়েছে। বিষয়টি স্থানীয় বিধায়ক শঙ্কর ঘোষের নজরেও আনা হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিজেপি নেতা প্রদীপ চৌধরী। তাঁর বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই তাঁকে ঘিরে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, বিজেপির সঙ্গে যুক্ত থাকার কারণেই তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে। একইসঙ্গে অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

