শিলিগুড়ি , ৩০ মে
ফুলবাড়িতে ডোবায় স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু হলো এক ১১ বছরের কিশোরের। মৃতের নাম মোহাম্মদ রাজু। তার বাড়ি ফুলবাড়ির আমাইদিঘী এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ফুলবাড়ির ঝররা এলাকার মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিল রাজু। সেখানে গিয়ে তিন বন্ধুর সঙ্গে কাছাকাছি একটি পিএইচই প্রকল্পের ভিতরে খনন করে রাখা ডোবায় স্নান করতে নামে সে।
অভিযোগ, স্নান করার সময় আচমকাই গভীর জলে তলিয়ে যায় রাজু। তাকে বাঁচানোর চেষ্টা করলেও সফল হয়নি সঙ্গে থাকা বন্ধুরা। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশ ও উদ্ধারকারী দলকে।
দীর্ঘ তল্লাশির পর ডোবা থেকে কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি খনন করে রাখা জলাশয়গুলির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় মহলে।

