ধূপগুড়ি, ১০ জুন:
একই রাতে পর পর তিনটি দোকানে চুরির চেষ্টা। একটি দোকান থেকে প্রায় দেড় লক্ষ টাকার সামগ্রী চুরির অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝালটিয়া হাট বাজার এলাকায়। স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা যায় মঙ্গলবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটেছে বলে অনুমান। বুধবার সকালে দোকান খুলতে এসে বাকি ব্যবসায়ীরা প্রথমে একটি দোকানের ঝাঁপ ভাঙ্গা অবস্থায় দেখতে পান। এরপর তাঁদের সন্দেহ হলে সেই দোকানের মালিককে খবর দেওয়া হয়। দোকান মালিক খোকন সরকার ছুটে আসলে দেখেন তার দোকানের ভেতরে লন্ডভন্ড অবস্থায় রয়েছে। তাঁর অভিযোগ মোট প্রায় দেড় লক্ষ টাকার রুপার সামগ্রী চুরি হয়েছে। পার্শ্ববর্তী আরও দুটি দোকানে একটি গালামাল এবং আরেকটি অনলাইনের দোকানে চুরির চেষ্টা চালায় চোরের দল। ব্যবসায়ীদের আরো অভিযোগ এর আগেও ঝালটিয়াহাট বাজারে বেশ কিছু দোকান ও বাড়িতে চুরির ঘটনা ঘটে। ফের চোরের উপদ্রব বেড়েছে। মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটছে। গতকাল রাতে বৃষ্টির সুযোগ নিয়ে তিনটি দোকানে চুরির চেষ্টা চালানো হয়। সকালে এসে দোকান মালিকরা দেখতে পায় লন্ডভন্ড অবস্থায় রয়েছে দোকানের সামগ্রী। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। চুরির ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।

