
ভোট পরবর্তী সন্ত্রাস কোচবিহারে বরদাস্ত করা হবে না। সন্ত্রাসে কেউ অভিযুক্ত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক বৈঠকে কড়া বার্তা কোচবিহার জেলা প্রশাসন। বুধবার সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক জিতিন যাদব। জেলা পুলিশ সুপার জসপ্রীত সিং। CRPF নোডাল অফিসার সংকথা প্রসাদ। সাংবাদিক বৈঠকে জেলাশাসক বলেন, কোচবিহারে ভোট পরবর্তী সন্ত্রাস বরদাস্ত করা হবে না । বিক্ষিপ্তভাবে জেলায় যেসব ঘটনা ঘটছে সেসবে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
জেলাশাসক জিতিন যাদব আরও জানান, পুরো জেলায় কোথাও যদি ভায়োলেন্স হয় তাহলে পুলিশ প্রশাসন কাউকে বরদাস্ত করবে না। কেউ ঝামেলা করলে তার ওপর অ্যাকশন নেওয়া হবে। কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয় তাহলে তার ওপরেও স্ট্রেট লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। সেনসিটিভ এরিয়াতে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রশাসন দিয়ে রুটমার্চ চলছে। যদি কোথাও কোনো অসুবিধে হয় তাহলে প্রশাসনকে জানালে তারাই সমস্তরকম সুরক্ষাপ্রদান করবেন। শেষে তিনি বলেন কোনো গুজবে কান না দিতে এবং গুজব না ছড়াতে। সোশ্যাল মিডিয়াতে নানারকম পুরোনো ভিডিও এবং ফটো ঘুরে বেড়াচ্ছে সেগুলোর সত্যতা যাচাই না করে কোনো গুজব ছড়ানো যাবে না। গুজবের পরিপ্রেক্ষিতে কারো কাছে যদি সত্যতার কোনো প্রমাণ থাকে তবেই জানাতে নয়তো নয়।

