শিলিগুড়ি, ১৭ সেপ্টেম্বর
বেতন বৃদ্ধি এবং প্রতি মাসে নির্দিষ্ট সময়ে বেতন পাওয়ার জোরালো দাবিতে এবার সুর চড়াল সিটু। দীর্ঘদিন ধরে একই বেতনে কাজ করা এবং মাসের পর মাস সময়মতো বেতন না পাওয়ার ক্ষোভ উগরে দিয়ে বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগম অভিযান চালালেন সিটু নেতৃত্ব ও ‘নির্মল বন্ধু’ প্রকল্পের অস্থায়ী সাফাই কর্মীরা। এই আন্দোলনকে কেন্দ্র করে এদিন পুরনিগম চত্বরে চরম উত্তেজনা ছড়ায়।
আন্দোলনকারীদের প্রধান অভিযোগ, বছরের প্রায় ৩৬৫ দিন হাড়ভাঙা পরিশ্রম করলেও তাঁদের প্রাপ্য বেতন নিয়মিত হাতে আসে না। পাশাপাশি, দীর্ঘদিন ধরে একটাই বেতনে কাজ চালিয়ে গেলেও তাঁদের বেতন বৃদ্ধির কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এই বঞ্চনার প্রতিবাদেই এদিন ‘নির্মল বন্ধু’ প্রকল্পের কর্মীদের নিয়ে পুরনিগম ঘেরাও করেন সিটু নেতৃত্ব।
এদিনের বিক্ষোভে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, আন্দোলনকারীরা পুরনিগমের মূল গেটের ধাক্কা দিয়ে চত্বরে প্রবেশ করেন এবং ভেতরেই ধর্নায় বসে পড়েন। আন্দোলনে উপস্থিত সিপিএম নেতা শরদিন্দু চক্রবর্তী কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, প্রশাসনের পক্ষ থেকে তাঁদের এই ন্যায্য দাবিগুলি দ্রুত মেনে না নেওয়া হলে আসন্ন শারদীয় উৎসবের আগেই তাঁরা বৃহত্তর আন্দোলন এবং প্রয়োজনে কঠোর ধর্মঘটের পথে হাঁটতে বাধ্য হবেন। উৎসবের মরশুমের ঠিক আগে সাফাই কর্মীদের এই আন্দোলন পুরনিগমের অন্দরে বড়সড় চাপ তৈরি করেছে।

