দিনহাটা , ১০ জুন
আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে নেওয়া টাকা ফেরতের দাবিতে প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ|
আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া টাকা ফেরতের দাবিতে দিনহাটা-১ ব্লকের গিতালদহ-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বুধবার দুপুরে গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনম কালোয়ারের বাড়ির সামনে জড়ো হয়ে প্রতিবাদে সামিল হন এলাকার বহু মানুষ।
বিক্ষোভকারীদের অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বহু গরিব ও অসহায় পরিবারের কাছ থেকে হাজার হাজার টাকা নেওয়া হয়েছে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা ঘর পাননি। পাশাপাশি নেওয়া টাকাও ফেরত দেওয়া হয়নি বলে দাবি করেন তাঁরা। আন্দোলনকারীদের আরও অভিযোগ, বিভিন্ন সময়ে চাপ সৃষ্টি করে এই টাকা আদায় করা হয়েছিল।
এদিন বিক্ষোভ চলাকালীন বাসিন্দারা দ্রুত সমস্ত টাকা ফেরতের দাবি জানান। তাঁদের বক্তব্য, অবিলম্বে টাকা ফেরত না দিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান সোনম কালোয়ারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

