দিনহাটা, ১৫ জুন:
দিনহাটা মহকুমার বড় আটিয়াবাড়ী এলাকায় অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ ঘটল। সোমবার দুপুরে দিনহাটা ১ নম্বর ব্লক-এর অন্তর্গত রাসবাড়ী বাজার এবং মণ্ডলটারী এলাকায় একাধিক মহিলার দল একত্রিত হয়ে অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে বিক্ষোভ দেখান। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকটি দোকান ও বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় মহিলাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ বিক্রি চলছিল, যার ফলে সামাজিক ও পারিবারিক অশান্তি ক্রমশ বাড়ছে। তাঁদের দাবি, মদ্যপ অবস্থায় অনেকেই বাড়িতে ফিরে স্ত্রী ও পরিবারের সদস্যদের উপর অত্যাচার চালান, যা দিন দিন অসহনীয় হয়ে উঠেছে। এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাঁরা একত্রিত হয়ে রাস্তায় নামেন।
প্রতিবাদকারী মহিলাদের মধ্যে চন্দনা দেবনাথ, শেফালী দেবনাথ এবং সঙ্গীতা বর্মন জানান, বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও অবৈধ মদ বিক্রি পুরোপুরি বন্ধ হয়নি। ফলে বাধ্য হয়েই তাঁরা সরাসরি প্রতিরোধের পথে নামেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভ চলাকালীন কিছু মহিলারা অভিযুক্তদের দোকান ও বাড়িতে ঢুকে মদের বোতল বের করে ভেঙে দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়। যদিও পরে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে।
মহিলাদের আরও অভিযোগ, এলাকায় অবৈধ মদের ব্যবসা বন্ধ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। এমনকি কোনওভাবেই এলাকায় এই ধরনের বেআইনি ব্যবসা চলতে দেওয়া হবে না বলেও তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতির উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন।

