শিলিগুড়ি, ২৩ জুন:
শিলিগুড়ি পুরনিগমের পুরবোর্ড ভেঙে দেওয়ার পর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আর. বিমলা। দায়িত্বভার গ্রহণের পর তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান পুরনিগমের কমিশনার, বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং বিজেপির কোঅর্ডিনেটররা। এদিন বিরোধী দলনেতা অমিত জৈন-সহ বিজেপির একটি প্রতিনিধিদল নতুন প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শহরের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আলোচনা করেন।
দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর. বিমলা জানান, বর্তমানে বর্ষার মরশুমে শহরের একাধিক এলাকায় জল জমার সমস্যা প্রকট আকার ধারণ করেছে। ফলে প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম এবং প্রধান অগ্রাধিকার হবে জল নিষ্কাশন ব্যবস্থার উন্নতি এবং জলাবদ্ধতা সমস্যার দ্রুত সমাধান। তিনি বলেন, শহরের বিভিন্ন ওয়ার্ডে কোথায় কোথায় সমস্যা বেশি হচ্ছে, তা খতিয়ে দেখে সংশ্লিষ্ট বিভাগগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে।
নতুন প্রশাসক আরও জানান, শুধু জল জমার সমস্যাই নয়, নাগরিক পরিষেবার সঙ্গে যুক্ত অন্যান্য বিষয়গুলির প্রতিও সমান গুরুত্ব দেওয়া হবে। পানীয় জল সরবরাহ, রাস্তা-ঘাটের রক্ষণাবেক্ষণ, নিকাশি ব্যবস্থা, বর্জ্য অপসারণ-সহ বিভিন্ন পরিষেবা যাতে নিরবচ্ছিন্নভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করার চেষ্টা করা হবে। নাগরিকদের কোনও ধরনের ভোগান্তির মুখে পড়তে না হয়, সেদিকেও প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজর রাখা হবে বলে তিনি আশ্বাস দেন।
বর্ষাকালীন পরিস্থিতি মোকাবিলায় পুরনিগমের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় বৃদ্ধি, দ্রুত অভিযোগ নিষ্পত্তি এবং জরুরি পরিষেবা আরও কার্যকর করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। শহরের সামগ্রিক নাগরিক পরিষেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানকে সামনে রেখেই প্রশাসনিক কাজ পরিচালিত হবে বলে এদিন স্পষ্ট বার্তা দেন নতুন প্রশাসক আর. বিমলা।

