শিলিগুড়ি, ২৪ জুন:
শিলিগুড়িতে ফের ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। বুধবার দুপুরে শহরের বানেশ্বর মোড় সংলগ্ন রাস্তায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাইকে করে ওই যুবক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় পিছন দিক থেকে আসা একটি কন্টেনার গাড়ি দ্রুতগতিতে বাইকটিকে ওভারটেক করার চেষ্টা করে। ওই মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারটি বাইকটিকে ধাক্কা মারে বলে অভিযোগ। ধাক্কার ফলে বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়ে যান।
এরপর আরও ভয়াবহ ঘটনা ঘটে যায়। স্থানীয়দের দাবি, কন্টেনারের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই কন্টেনারটি দ্রুত গতিতে এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ধাওয়া করলেও কন্টেনারটিকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর সাব-ট্রাফিক গার্ডের কর্মীরা। পরে আশিঘর ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য।
পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করেছে। তবে মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এছাড়াও পলাতক কন্টেনার গাড়িটির সন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

