শিলিগুড়ি, ২১ মে :
দীর্ঘ রাজনৈতিক যাত্রাপথ পেরিয়ে এবার নতুন দায়িত্বে ‘ঘরের ছেলে’কে পেয়ে উচ্ছ্বাসে ভাসল শিলিগুড়ি বিজেপি শিবির। বৃহস্পতিবার শিলিগুড়ির বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ে পৌঁছান বিধানসভার নবনির্বাচিত স্পিকার রথীন্দ্র বোস। তাঁকে একঝলক দেখতে এবং শুভেচ্ছা জানাতে দলীয় কার্যালয়ে ভিড় জমান কর্মী-সমর্থকরা। জানা গিয়েছে, এবারের বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন রথীন্দ্র বোস। নির্বাচনে জয়লাভের পর তাঁকে বিধানসভার স্পিকার পদে নির্বাচিত করা হয়। গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পাওয়ার পর এদিন প্রথমবার শিলিগুড়ির দলীয় কার্যালয়ে তাঁর আগমনকে ঘিরে বাড়তি উৎসাহ তৈরি হয়।
রথীন্দ্র বোসের সঙ্গে শিলিগুড়ির সম্পর্ক অত্যন্ত গভীর। শহর শিলিগুড়িই তাঁর নিজের শহর, এখানেই তাঁর বসবাস। ফলে শহরের এক পরিচিত মুখ রাজ্যের বিধানসভার স্পিকারের আসনে বসায় স্বাভাবিকভাবেই গর্বিত স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। এদিন তাঁকে ফুল ও শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দলীয় কার্যালয়ে উপস্থিত কর্মীদের মধ্যে ছিল উৎসবের আবহ। দীর্ঘদিনের পরিচিত মুখকে নতুন দায়িত্বে দেখে অনেকেই নিজেদের আনন্দ প্রকাশ করেন। তাঁদের দাবি, শিলিগুড়ির সন্তান রাজ্যের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে পৌঁছানো শহরের জন্যও এক বিশেষ মুহূর্ত। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রথীন্দ্র বোস বলেন, উত্তরবঙ্গকে আর কোনওভাবে বঞ্চিত রাখা হবে না। রাজ্যের পাশাপাশি উত্তরবঙ্গের উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, মানুষের স্বার্থে এবং উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আগামী দিনে বৃহৎ পরিসরে কাজ করা হবে।

