সিতাই , ২৫ জুন
সিতাইয়ের আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান টুপলি বর্মন বসুনিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে সিতাই থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের দিনহাটা আদালতে তোলা হলে বিচারক তাঁদের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাতে একদল দুষ্কৃতী বাড়ির দরজার তালা ভেঙে টুপলি বর্মন বসুনিয়ার বাড়িতে ঢুকে আগুন লাগিয়ে দেয়। আগুনে ঘরের ভিতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য গৃহস্থালি সামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে পুলিশ ও দমকলে খবর দেন। পরে পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উল্লেখ্য, টুপলি বর্মন বসুনিয়ার স্বামী অনিমেষ বসুনিয়া তৃণমূল যুব কংগ্রেসের জেলা সহ-সভাপতি এবং কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া-র ভাইপো। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বাড়িটি তালাবন্ধ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
মঙ্গলবার সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া কোচবিহারে ফেরার পর সেই খবর ছড়িয়ে পড়তেই সিতাইয়ের বিভিন্ন এলাকায় বিক্ষোভের ঘটনা ঘটে। যদিও তিনি সিতাইয়ের বাড়িতে যাননি। এর পরদিনই প্রধানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা সামনে আসায় রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
বুধবার বিকেলে টুপলি বর্মন বসুনিয়া সিতাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ চারজনকে গ্রেফতার করে। সরকারি পক্ষের আইনজীবী মৃগাঙ্ক সেনগুপ্ত জানান, ধৃতদের নাম সন্তোষ দাস, সমীর দাস, প্রদীপ রায় ও মনোজিৎ রায়। সকলেই সিতাই থানা এলাকার বাসিন্দা। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানালে আদালত চার অভিযুক্তকে ৭ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।
ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে সিতাই থানার পুলিশ।

