কোচবিহার ,২৭ জুন
কোচবিহারের ১ নম্বর ব্লকের হাড়িভাঙ্গা অঞ্চলের ১২৫ নম্বর বুথে আবাস যোজনার কাটমানির টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পূর্বঘোষণা অনুযায়ী, ২১ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সংশ্লিষ্ট বুথের পঞ্চায়েত সদস্য। সেই প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত দিনে টাকা নিতে হাজির হন বহু গ্রামবাসী।
তবে গ্রামবাসীদের অভিযোগ, যাঁদের কাছ থেকে ৫ হাজার টাকা নেওয়া হয়েছিল, তাঁদের মাত্র আড়াই হাজার টাকা করে ফেরত দেওয়া হচ্ছে। এই ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন অনেকেই। তাঁদের দাবি, পুরো টাকা ফেরত দিতে হবে।
অন্যদিকে, অভিযোগের জবাবে পঞ্চায়েত সদস্য জানান, নেওয়া টাকার একটি অংশ পার্টির বিভিন্ন খরচে ব্যয় হয়েছে। তাঁর দাবি, এখন নিজেদের আর্থিক ক্ষতি স্বীকার করেই গ্রামবাসীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা ও চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পুরো টাকা কেন ফেরত দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীদের একাংশ। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে।

