শিলিগুড়ি ,২৯জুন
স্নানযাত্রার পুণ্যলগ্নের আগেই খুশির আমেজ শিলিগুড়িতে। জগন্নাথ দেবের মহাপবিত্র স্নানযাত্রার তিথিকে স্মরণ করে সাড়ম্বরে সম্পন্ন হয়ে গেল শিলিগুড়ি উদয়ন সমিতির এবারের দুর্গাপূজার খুঁটি পুজো। সোমবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মণ্ডপ নির্মাণের আনুষ্ঠানিক সূচনা ঘটল। ক্লাব সদস্যদের পাশাপাশি এলাকার আবালবৃদ্ধবনিতা এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে শামিল হয়েছিলেন, যা খুঁটি পুজোর আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়।
শিলিগুড়ির অন্যতম জনপ্রিয় এই পুজো এবার পা দিতে চলেছে ৫৯ বছরে। অর্ধশতক পেরিয়ে ষাটের দোরগোড়ায় দাঁড়িয়ে উদয়ন সমিতি এবার দর্শকদের উপহার দিতে চলেছে এক জমকালো মণ্ডপ। প্রতি বছরের মতো এবারও তাদের থিমে থাকছে চমকপ্রদ নতুনত্ব। দক্ষিণ ভারতের বিখ্যাত স্বর্ণগিরি মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে এবারের স্বামী ভেঙ্কটেশ্বর মন্দির। নিখুঁত স্থাপত্য ও শৈল্পিক কারুকার্যে রূপায়িত এই মণ্ডপ যে উৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে, তা নিয়ে আশাবাদী উদ্যোক্তারা। সোমবারের এই শুভ খুঁটি পুজোর হাত ধরেই শিলিগুড়িতে কার্যত বেজে গেল শারদোৎসবের আগমনী সুর।

