দিনহাটা, ২৮ মার্চ :
তৃণমূল কর্মী তথা তৃণমূল প্রার্থী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের ভাইপো জয় গুহ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। শনিবার দিনহাটায় তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন। উপস্থিত ছিলেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজয় রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন জয় গুহের হাতে বিজেপির পতাকা তুলে দেবার সময় বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, তৃণমূল প্রার্থী তথা মন্ত্রী উদয়ন গুহর ভাইপো আজ তৃণমূল ছেড়ে বিজেপির দলে যোগ দিলেন। তৃণমূলের উপর বিতশ্রদ্ধ হয়েই তিনি দল ছেড়েছেন। এর থেকে প্রমাণিত হয় দিনহাটার মানুষ কত কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন। তাইতো প্রতিদিন দলে দলে সাধারন মানুষ বিজেপিতে যোগদান করছেন।
তৃণমূলের পতাকা ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে জয় গুহ বলেন, ছাত্র জীবন থেকে বামপন্থী সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম। পরবর্তী সময়ে তৃণমূলে যোগ দিয়েছি। কিন্তু তৃণমূলের উন্নয়ন মানে কাটমানি। তাইতো তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলাম। কারণ, তৃণমূলের রাজত্বকালে এ বাংলার সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে। এ বাংলার যে পূর্বের গৌরব তা ফিরিয়ে আনতে হবে। যে কাজ ভারতীয় জনতা পার্টির পক্ষেই সম্ভব। মানুষকে আহ্বান জানাবো বেহাল রাজ্যের হাল ফেরাতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি।
প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা ভোটের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী পদ ইতিমধ্যেই ঘোষণা করতে শুরু করেছে। দিনহাটা বিধানসভা কেন্দ্রে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি বিজেপি দলের প্রার্থী হয়েছেন অজয় রায়। ইতিমধ্যে শাসক এবং রাজ্যের প্রধান বিরোধী দল ভোটের প্রচার শুরু করে দিয়েছে। ধীরে ধীরে প্রচারের ঝাঁজ অনেকটাই বেড়ে চলেছে। এ ধরনের এক পরিস্থিতিতে তৃণমূল প্রার্থী উদয়ন গুহের ভাইপো দল ছেড়ে বিজেপিতে যোগদান রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমনটাই মনে করছেন দিনহাটার রাজনৈতিক মহল।

