আলিপুরদুয়ার , ৩ জুলাই
আগামী সপ্তাহে উত্তরবঙ্গে এসে রাজ্যের সমস্ত চা বাগান শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। বৈঠকে মূলত বন্ধ ও রুগ্ন চা বাগান কীভাবে পুনরায় চালু করা যায় এবং সেগুলিকে কীভাবে অর্থনৈতিকভাবে সচল রাখা সম্ভব—সেই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গিয়েছে।
আজ বীরপাড়ায় এই বিষয়ে মন্তব্য করেন আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা। তিনি জানান, চা বাগান শ্রমিকদের দীর্ঘদিনের সমস্যা সমাধানের লক্ষ্যে এবং বন্ধ বাগানগুলো পুনরায় চালুর উদ্দেশ্যেই এই উচ্চপর্যায়ের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
এদিন বীরপাড়ায় চা বাগান সংগঠন বিটিডাব্লিউইউ (BTDWWU)-এর একটি সাংগঠনিক সভাও অনুষ্ঠিত হয়। ওই সভায় সংগঠনের নতুন কমিটি গঠন ও দায়িত্ব বণ্টন করা হয়। সভায় যোগেশ রাই ও বধুয়া লকড়াকে ব্লক সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি সোবিত থাপাকে সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয় বলে জানা গিয়েছে।
সাংসদ মনোজ টিগ্গা এদিন বলেন, তাঁদের মূল লক্ষ্য হলো উত্তরবঙ্গের বন্ধ ও রুগ্ন চা বাগানগুলোকে পুনরায় সচল করা। সরকারের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং বাগানগুলির স্থায়ী সমাধানের দিকেই জোর দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
চা শিল্পকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা সংকট সমাধানের জন্য এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

