ফুলবাড়ি, ১৫ সেপ্টেম্বর:
মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার ঘটনায় অবশেষে উদ্ধার হল নিখোঁজ দুই ছাত্রের মৃতদেহ। ঘটনার আকস্মিকতায় গোটা ফুলবাড়ি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রবিবার বিকেলে ঘটনাস্থল থেকে সামান্য দূরে নদী থেকে ওই দুই তরুণের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগে ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ এলাকায় স্নান করতে নেমে তিন ছাত্র হঠাৎই জলের স্রোতে তলিয়ে যান। ঘটনার পরই প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ ছাত্রদের সন্ধানে জোরদার তল্লাশি অভিযান শুরু হয়। রবিবার বিকেলে ঠিক যেখান থেকে তারা ডুবে গিয়েছিল, তার থেকে আনুমানিক ২০০ মিটার দূরে নদী থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা সম্ভব হয়।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মৃতদের পরিবারে শোকের মাতম শুরু হয়। উদ্ধার হওয়া দুটি মৃতদেহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। চোখের পলকে ঘটে যাওয়া এই মর্মান্তিক পরিণতিতে স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা।

