আলিপুরদুয়ার , ৬ জুলাই
আগামী ২ অক্টোবর বক্সা জঙ্গলে বাঘ পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে রবিবার রাজভাতখাওয়া এনআইসি-তে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বনমন্ত্রী মনোজ কুমার ওরাঁও, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, সাংসদ মনোজ টিগ্গা, জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক, পুলিশ সুপার সহ বনদফতরের একাধিক আধিকারিক।
বৈঠকে বনদফতরের আধিকারিকরা বিস্তারিতভাবে তুলে ধরেন কীভাবে বাঘ বক্সা জঙ্গলে আনা হবে, কী প্রক্রিয়ায় এনক্লোজারে রাখা হবে এবং পরবর্তীতে জঙ্গলে ছাড়ার আগে তার পর্যবেক্ষণ ও নজরদারি কীভাবে চালানো হবে।
জানা গিয়েছে, বক্সা জঙ্গলের প্রায় ২৫ মাইল এলাকাজুড়ে বাঘ রাখার জন্য একটি এনক্লোজার তৈরি করা হচ্ছে। এদিন বনমন্ত্রী সেই এনক্লোজার পরিদর্শন করেন এবং প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখেন।
বনমন্ত্রী জানান, মূলত মাদার বাঘ আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। বনদফতর এই প্রকল্প বাস্তবায়নের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তিনি আরও জানান, বিহার অথবা অসমের মানস জাতীয় উদ্যান থেকে বাঘ আনার চেষ্টা চলছে। প্রথমে বাঘকে এনক্লোজারে রাখা হবে, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পর ধীরে ধীরে জঙ্গলে ছাড়া হবে।
এছাড়াও তিনি জানান, বাঘ পুনর্বাসন প্রকল্পের কারণে বক্সা জঙ্গলের জয়ন্তী গ্রামের বাসিন্দাদের বনছায়া বস্তিতে স্থানান্তর করা হবে। তাঁদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে এবং প্রয়োজনে দাবি-দাওয়া পূরণের বিষয়েও প্রশাসন ইতিবাচকভাবে বিবেচনা করবে।

