আলিপুরদুয়ার , ৯ জুলাই
বিভিন্ন জনস্বার্থমূলক দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার সিপিআই(এম)-এর পক্ষ থেকে লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে একটি স্মারকলিপি ও ডেপুটেশন প্রদান করা হয়। এলাকার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে দলীয় কর্মী-সমর্থকরা পঞ্চায়েত কার্যালয়ে উপস্থিত হয়ে বিক্ষোভও দেখান।
ডেপুটেশনে লতাবাড়ি এলাকায় দ্রুত ১০০ দিনের কাজ (MGNREGA) চালু করা, হ্যামিল্টনগঞ্জে স্থায়ী জলনিকাশি ব্যবস্থার উন্নয়ন, ডেইলি মার্কেটকে আধুনিক সুপার মার্কেটে রূপান্তর, হ্যামিল্টনগঞ্জের প্রধান সড়ক সম্প্রসারণসহ একাধিক উন্নয়নমূলক দাবি তুলে ধরা হয়।
সিপিআই(এম)-এর নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলি সমাধান না হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। তাই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন দলের নেতৃত্ব।
অন্যদিকে, গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মারকলিপি গ্রহণ করে বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন।

