জলপাইগুড়ি, ৬ মে :
আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা জলপাইগুড়ি জেলা পুলিশ ও প্রশাসনের। কোনও রকমের আইন বিরুদ্ধ কাজ বরদাস্ত নয়, জেলার পুলিশ সুপার এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিককে নিয়ে সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট বার্তা জলপাইগুড়ি র জেলাশাসক সন্দীপ ঘোষের। জলপাইগুড়ি জেলায় ভোট পরবর্তী অশান্তির ২৬ টি ঘটনা সামনে এসেছে। এই পর্যন্ত ছয়টি এফ আই আর দায়ের হয়েছে। ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অশান্তি রুখতে নয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও দুই হাজার পুলিশ মোতায়েন রয়েছে জেলায়। জেলা জুড়ে ৬০ টি কুইক রেসপন্স টিম কাজ করছে। কোনও রকমের অপ্রীতিকর ঘটনা নজরে এলেই কড়া পদক্ষেপ করা হচ্ছে।বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে মঙ্গলবার জলপাইগুড়ি সদর বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। পুলিশ সুপার অমরনাথ কে জানান, কৃষ্ণ দাস পলাতক। তার খোঁজ চলছে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।

