মাথাভাঙ্গা, ২১ মে :
ভারতবর্ষের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩৫ তম শহীদ দিবস পালন হলো মাথাভাঙ্গাতে। এদিন মাথাভাঙ্গা শিব বাড়ি এলাকায় কংগ্রেস কার্যালয়ের সামনে দিনটি পালন করা হয় যথাযোগ্য মর্যাদার সাথে। প্রথমে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন উপস্থিত কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকরা এরপর এক মিনিট নীরবতা পালন ও রাজীব গান্ধীর জীবনী নিয়ে আলোচনা করার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন কংগ্রেস নেতৃত্বরা।
এদিনের এই কর্মসূচি বিষয়ে কংগ্রেস নেতা তথা কোচবিহার জেলা আই,এন,টি,ইউ,সি-র সভাপতি বিশ্বজিৎ সরকার বলেন ‘ভারতরত্ন’ তথা ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডিজিটাল ভারতবর্ষের রূপকার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি রাজীব গান্ধী ২১ শে মে ১৯৯১ সনে তামিলনাড়ুতে একটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করতে গিয়ে মানব বোমা বিস্ফোরণে প্রাণ হারান। উগ্রপন্থী সংগঠন এল টি টি আই এর জঙ্গি বাহিনী তাকে হত্যা করে। আজকের দিনে মহান নেতার বলিদান দিবস যথাযথ মর্যাদার সাথে আমরা মাথাভাঙ্গা কংগ্রেস কার্যালয়ের সামনে পালন করলাম। কংগ্রেস ক্ষমতায় থাকুক না থাকুক বিচ্ছিন্নতাবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ও দেশের ধর্মনিরপেক্ষতা ও সংবিধান বাঁচাতে কংগ্রেস কর্মীদের লড়াই অবিচল থাকবে বলেও বলেন তিনি।

