জলপাইগুড়ি ৯ জুলাই
প্রায় তিন মাস বাদে চুরি হওয়া বাইক বাজেয়াপ্ত করে দুষ্কৃতীকে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পিসি পার্টির পুলিশ।
ধৃতের নাম প্রহ্লাদ মালো ওরফে গুড্ডু, শিলিগুড়ি সংলগ্ন ভক্তিনগর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার ধৃতকে জেলা আদালতে তোলা হবে জানাল পুলিশ।
২২ মার্চ রাত আনুমানিক আটটা নাগাদ জলপাইগুড়ি শহরের হামিক পাড়ার বাসিন্দা রাহুল দাস বাইক নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। বাইক রাস্তায় রেখে হাসপাতালে প্রবেশ করেন তিনি। কিছুক্ষণ বাদে হাসপাতাল থেকে বের হয়ে দেখেন বাইকটি নেই। আশেপাশে সব জায়গায় খোঁজ করেও বাইকের সন্ধান পায়নি তিনি।
পরের দিন ২৩ মার্চ কোতোয়ালি থানায় অভিযোগ জানায় রাহুল। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। প্রায় তিন মাস বাদে তদন্তের পর পুলিশ জানতে পারে গাড়িটি শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ভক্তিনগর এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। বাইক চুরির সঙ্গে যুক্ত অভিযুক্ত প্রহ্লাদ মালো ওরফে গুড্ডুকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে বিএনএস (BNS)-এর ৩০৩(২) ধারায় কোতোয়ালি থানার মামলা করে পুলিশ। এ দিন ধৃতকে জেলা আদালতে তোলা হয়, ধৃতের বিরুদ্ধে এর আগেও একাধিক অসামাজিক কাজের অভিযোগ রয়েছে।

