আলিপুরদুয়ার, ২৮ আগস্ট
হাসপাতালের গণ্ডির মধ্যেই রাখীবন্ধনের আবেগ। প্রতিবছরের মতো এবছরও ব্যতিক্রমী উদ্যোগে রাখীবন্ধন উৎসব পালন করল হ্যামিল্টনগঞ্জ অগ্রগামী সংঘ।
রাখীবন্ধন উপলক্ষে লতাবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের হাতে রাখী পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন সংঘের সদস্যরা। শুধু রাখী পরানোই নয়, রোগীদের হাতে ফলও তুলে দেন তাঁরা।
পাশাপাশি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হাতেও রাখী পরিয়ে রাখীবন্ধনের শুভেচ্ছা জানান অগ্রগামী সংঘের সদস্যরা। তাঁদের এই উদ্যোগে হাসপাতাল চত্বরে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।
সংঘের সদস্যরা জানান, রাখীবন্ধনের মূল বার্তা হল ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং মানুষের পাশে দাঁড়ানো। সেই ভাবনাকে সামনে রেখেই প্রতিবছর সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে এই উৎসব পালন করেন তাঁরা। এবছরও হাসপাতালে গিয়ে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে রাখীর বন্ধনে আবদ্ধ হয়ে সেই বার্তাই তুলে ধরা হয়।

