দিনহাটা, ২ ফেব্রুয়ারী :
দিনহাটা শহরের ডাক বাংলো পাড়া এলাকায় পরিত্যক্ত একটি সরকারি আবাসনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সোমবার সকালে এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, এদিন সকালে ওই এলাকায় থাকা খাদ্য দপ্তরের একটি পরিত্যক্ত আবাসনে এই ঘটনা ঘটে। এদিন সকালে স্থানীয় এলাকার বাসিন্দারা দেখতে পান হঠাৎই ওই আবাসনের ভেতরে থাকা প্রচুর পরিমাণ কাঠ থেকে ধোঁয়া বেরোচ্ছে। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্রে। সেখান থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই আবাসনে মজুদ করা হয়েছিল কাঠ। আর তা থেকেই বাড়তে থাকে আগুনের লেলিহান শিখা। স্থানীয়দের অভিযোগ বিষয়টি নিয়ে খাদ্য দপ্তরের আধিকারিকদের জানানো সত্বেও পরিত্যক্ত আবাসন সারাইয়ের কোন উদ্যোগ নেয়নি তারা। আর এতেই ক্ষুব্ধ হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। স্থানীয় কাউন্সিলর মিঠু দাসের স্বামী বিজু দাস বলেন, পরিত্যক্ত আবাসন টি প্রথমে দিনহাটা এক ব্লক প্রশাসনের ছিল পরে তা হস্তান্তরিত হয়ে খাদ্য দপ্তরের অধীনে আসে। তারপরেও এ নিয়ে খাদ্য দপ্তরের আধিকারিকদের কাছে একাধিকবার জানানোর পরেও কোন সূরাহা হয়নি। তবে কে বা কারা সেখানে কাঠ মজুদ করেছে সেখান থেকেই এদিন আগুন লেগেছে।

