আলিপুরদুয়ার, ১০ মে :
বউকে ইয়ার্কি করাকে কেন্দ্র করে ভায়রাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরপাড়া থানার বান্দাপানি চা বাগানের নেপালি লাইনে শনিবার রাতে। ঘটনার জেরে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিমল মাহালি (৪০)। অভিযোগ, অভিযুক্ত বিমান মুন্ডা নিজের স্ত্রীকে নিয়ে বিমলের আচরণে দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন। বিমানের স্ত্রী সম্পর্কে বিমলের শ্যালিকা হন। বিমল মাঝেমধ্যেই তাকে নিয়ে ইয়ার্কি করতেন। এই নিয়ে দুই পরিবারের মধ্যে আগেও একাধিকবার অশান্তি হয়েছিল।
শনিবার রাতে ফের একই বিষয়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে বচসা বাধে। অভিযোগ, এরপর বিমান মুন্ডা রাগের মাথায় বিমল মাহালিকে দড়ি দিয়ে বেঁধে বাঁশ ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করেন। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তাকে বীরপাড়া হাসপাতালে আনা হয় সেখানে মৃত্যু হয় বিমলের।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বীরপাড়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে এবং আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় অভিযুক্ত বিমান মুন্ডাকে গ্ৰেফতার করেছে পুলিশ । পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

