মাথাভাঙ্গা, ১৮ জুন:
বাংলার আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগে অভিযুক্ত মাথাভাঙ্গা-১ ব্লকের জোরপাটকী গ্রাম পঞ্চায়েতের পূর্ব নেন্দারপাড় এলাকার ১৩২ নম্বর বুথের তৃণমূল বুথ সভাপতি সুবিত বর্মনের বাড়িতে উপভোক্তাদের টাকা ফেরত দেওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ১৬ জন উপভোক্তার হাতে মোট ৬০ হাজার ৫০০ টাকা তুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলার আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে উপভোক্তাদের কাছ থেকে ৫ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ উঠেছিল সুবিত বর্মনের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই এই অভিযোগ নিয়ে এলাকায় ক্ষোভ তৈরি হয়। বিভিন্ন সময়ে উপভোক্তারা তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে টাকা ফেরতের দাবি জানান।
অভিযোগকারীদের দাবি, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। পরে বিষয়টি প্রকাশ্যে আসার পর একাধিকবার টাকা ফেরতের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ।
স্থানীয়দের বক্তব্য, বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক পালাবদলের আবহে অন্যান্য অনেক তৃণমূল নেতার মতোই সুবিত বর্মনও এলাকাছাড়া হয়ে পড়েন। এরপর থেকেই তাঁর বাড়িতে গিয়ে টাকা ফেরতের দাবিতে বারবার আন্দোলন শুরু করেন উপভোক্তারা। ক্রমবর্ধমান চাপের মুখে টাকা ফেরত দেওয়ার কথা স্বীকার করা হলেও দীর্ঘদিন সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি।
বুধবার সুবিত বর্মন বাড়িতে উপস্থিত না থাকায় তাঁর মা নিরোবালা বর্মন নিজেই উদ্যোগ নিয়ে উপভোক্তাদের হাতে টাকা তুলে দেন। বাড়ির সামনে স্থানীয় মানুষ ও উপভোক্তাদের উপস্থিতিতে ১৬ জনের মধ্যে মোট ৬০ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়।
নিরোবালা বর্মন বলেন, “আমার ছেলে ঘরের টাকা তুলেছিল। এখন সে বাড়িতে নেই। তাই আমি নিজেই যাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল তাঁদের সেই টাকা ফিরিয়ে দিলাম।”
অন্যদিকে, টাকা ফেরত পাওয়ার পর স্বস্তি প্রকাশ করেছেন উপভোক্তারা। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসার পর অবশেষে তাঁরা নিজেদের টাকা ফিরে পেলেন। তবে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলেও মত প্রকাশ করেন অনেকেই।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কাটমানির অভিযোগে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে উপভোক্তাদের সরব হওয়া এবং পরবর্তীতে টাকা ফেরতের একের পর এক ঘটনা সামনে আসায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

