তুফানগঞ্জ, ১৮ মে
দ্বিতীয়বার বিধায়ক হয়েই ‘অ্যাকশন’ শুরু! তুফানগঞ্জ হাসপাতালে ঝটিকা সফরে বিধায়িকা মালতী রাভা রায়, সরব হলেন স্বাস্থ্য-দুর্নীতি নিয়ে।
বিধায়ক হিসেবে দ্বিতীয়বার শপথ গ্রহণের পর এবার সরাসরি ময়দানে নামলেন তুফানগঞ্জের বিধায়িকা মালতী রাভা রায়। আজ সকালে তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল ও মানসিক হাসপাতাল পরিদর্শনে যান তিনি। সেখানে পৌঁছে সাধারণ রোগীদের সাথে কথা বলে চিকিৎসার মান খতিয়ে দেখেন এবং হাসপাতালের বেহাল দশা দেখে ক্ষোভে ফেটে পড়েন বিধায়িকা।
সংবাদমাধ্যমের সামনে তিনি সরাসরি অভিযোগ করেন যে, বিগত তৃণমূল সরকারের আমলে হাসপাতালটিকে দুর্নীতির ‘ঘুঘুর বাসা’ বানিয়ে রাখা হয়েছে। রোগীদের সরকারি ঔষধ না দিয়ে বাইরে থেকে কিনতে বাধ্য করা হচ্ছে এবং এর পেছনে বড় মাপের কমিশন চক্র কাজ করছে। এছাড়াও ব্লাড ব্যাঙ্ক, এক্স-রে এবং ইসিজি-র মতো পরিষেবা কেন অমিল, তা নিয়ে হাসপাতাল সুপারকে তীব্র ভর্ৎসনা করেন তিনি। মালতী রাভা রায় স্পষ্ট জানান, এসডিও ও এসডিপিও-র উপস্থিতিতে সমস্ত অভিযোগের তালিকা তৈরি করা হয়েছে এবং আগামী ২০ তারিখ শিলিগুড়িতে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তিনি এই দুর্নীতির খতিয়ান তুলে দেবেন। তুফানগঞ্জের মানুষ যাতে সঠিক সরকারি চিকিৎসা পান, তা নিশ্চিত করতে তাঁর এই লড়াই জারি থাকবে বলেও হুঁশিয়ারি দেন বিধায়িকা।

