আলিপুরদুয়ার, ২৮ মার্চ :
শনিবার কুমারগ্রাম থানা ও দুই নাকা পয়েন্ট পরিদর্শন করলেন নির্বাচন কমিশন নিযুক্ত উত্তরবঙ্গের এডিজি ও আইজি কালিয়াপ্পন জয়রামন। এদিন প্রথমে কুমারগ্রাম থানা পরিদর্শন করেন এডিজি। এরপর তিনি অসম-বাংলা সীমানার পাকরিগুড়ি নাকা পয়েন্ট পরিদর্শন করেন। শেষে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার সীমানায় অবস্থিত কামাখ্যাগুড়ির দেবেনবাবুর চৌপথীর নাকা পয়েন্ট পরিদর্শন করেন এডিজি কালিয়াপ্পন জয়রামন। উল্লেখ্য, পাকরিগুড়ি ও দেবেনবাবুর চৌপথীতে বিধানসভা নির্বাচন উপলক্ষে স্ট্যাটিক সার্ভেলেন্স টিম নাকা চেকিং চালাচ্ছে। এদিন দুই নাকা পয়েন্টের দায়িত্বে থাকা এসএসটির সদস্যের সঙ্গে কথা বলেন এডিজি। তাদের প্রয়োজনীয় নির্দেশও দেন তিনি। এদিন এডিজি ও আইজির সঙ্গে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতকুমার শাউ, আলিপুরদুয়ারের এসডিপিও শ্রীনিবাস এম. পি., কুমারগ্রাম থানার আইসি শমীক চট্টোপাধ্যায় সহ অন্যরা।

