শিলিগুড়ি, ২৪ মার্চ :
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ডাবগ্রাম-ফুলবাড়ী অঞ্চলে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। প্রচারের পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাঁশবাড়ি এলাকার ৮৫ নম্বর বুথে বিজেপি কর্মী সাধন মহন্ত ও তার পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, শাসকদলের পঞ্চায়েত সদস্য সুভাষ সরকার ও তার ছেলে সাধন মহন্তকে মারধর ও হুমকি দেন।
সাধন মহন্তের স্ত্রী রিতা মহন্ত জানান, গত শনিবার বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয়। পরে রাতের অন্ধকারে তাদের বাড়ির উপর ইট-পাটকেল ছোঁড়া হয় এবং পরিবারের সদস্যদের লাগাতার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছে পরিবার। উল্টে পুলিশ তাদের বাড়িতে এসে হুমকি দিচ্ছে বলেও দাবি করা হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভার বিভিন্ন মণ্ডল সদস্যদের নেতৃত্বে বিজেপি কর্মীরা জলপাইগুড়ি থানায় বিক্ষোভ প্রদর্শন করেন। দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ।
ডাবগ্রাম-ফুলবাড়ি ১ নম্বর মণ্ডল সভাপতি রাহুল বর্মন অভিযোগ করে বলেন, “শাসকদলের উস্কানিতে প্রশাসন আমাদের কর্মীদের হয়রানি করছে এবং গ্রেপ্তারের হুমকি দিচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।

