ধূপগুড়ি , ১০ জুন
ধূপগুড়ি মহকুমায় মহকুমা পুলিশ আধিকারিকের (এসডিপিও) স্থায়ী কার্যালয় নির্মাণের উদ্যোগে জোর প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। সেই লক্ষ্যে বুধবার ধূপগুড়ি মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য নির্মাণস্থল পরিদর্শন করা হয়।
জানা গিয়েছে, ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট চত্বরে মহকুমা পুলিশ আধিকারিকের স্থায়ী অফিস গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিন ওই এলাকা পরিদর্শনে উপস্থিত ছিলেন ধূপগুড়ির মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম পাল চৌধুরী, ধূপগুড়ি থানার আইসি প্রশান্ত চামলিং, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা এবং সংশ্লিষ্ট বিভাগের ইঞ্জিনিয়াররা। তাঁরা সম্ভাব্য জমি ও পরিকাঠামোগত সুবিধা খতিয়ে দেখেন।
উল্লেখ্য, ধূপগুড়ি মহকুমা গঠনের পর থেকে মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় অস্থায়ীভাবে ঘোষপাড়া মোড় এলাকার পুরভবন থেকে পরিচালিত হয়ে আসছে। অন্যদিকে, রেগুলেটেড মার্কেট চত্বরে কৃষিজ বিপণন ভবনে ইতিমধ্যেই স্থায়ীভাবে মহকুমাশাসকের দপ্তর চালু হয়েছে। প্রশাসনের লক্ষ্য এবার একই এলাকায় মহকুমা পুলিশ আধিকারিকের স্থায়ী কার্যালয় গড়ে তুলে সমস্ত প্রশাসনিক পরিষেবাকে আরও সুসংহত করা।
মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুধু অফিসই নয়, ভবিষ্যতে ওই চত্বরে পুলিশ কর্মীদের থাকার জন্য আবাসন এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামোও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর ফলে প্রশাসনিক কাজকর্ম আরও দ্রুত ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
পরিদর্শন শেষে মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম পাল চৌধুরী বলেন, “রেগুলেটেড মার্কেট এলাকায় মহকুমা পুলিশ আধিকারিকের স্থায়ী অফিস নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেই কারণেই আজ জমি পরিদর্শন করা হয়েছে। এখানে অফিসের পাশাপাশি পুলিশ বাহিনীর জন্য প্রয়োজনীয় পরিকাঠামোও গড়ে তোলা হবে।”
মহকুমা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, স্থায়ী কার্যালয় চালু হলে আইনশৃঙ্খলা সংক্রান্ত কাজের গতি বাড়বে এবং সাধারণ মানুষও আরও উন্নত পরিষেবা পাবেন।
ধূপগুড়ি মহকুমার প্রশাসনিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে প্রশাসনিক মহল।

